পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিমসটেক মহাসচিব সংস্থাটির আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, সহনশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের বিমসটেকের সভাপতিত্বকালে সরকার আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার পুনর্ব্যক্ত করে তিনি বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ ও সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে এ অঞ্চলের জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন খাতভিত্তিক বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সভাপতিত্বকালে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারসমূহ সময়মতো বাস্তবায়ন সহজ হবে।
বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি ‘সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক’-এর অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে বিমসটেকের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন