ঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সামবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আড়াই ঘণ্টা রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগীারা জানান, ধামরাইয়ের কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া, বাসনা, মহিষাশী, জালসা, কাওয়ালীপাড়া, নান্দেশ্বরী ও সাটুরিয়া এলাকায় গত ৯ বছর ধরে আবাসিক গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। শুধু মাত্র বছরে দু’টি ঈদের মধ্যে সরকারি ছুটির সময় ১০-১২দিন গ্যাস পাওয়া যায়। এছাড়া বছরের ৩৫০দিনই গ্যাস থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, আবাসিক গ্রাহকরা যাতে গ্যাস পান তার জন্য বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্র্রিবিউশন মানিকগঞ্জ অফিসের ডেপুটি ম্যানেজার বিধান পাল বলেন, ধামরাইয়ের কালামপুর করিম টেক্সটাইল যদি ডিআরএস থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে থাকেন তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
