বিএনপি নেতার অত্যাচার থেকে রক্ষা পেতে বাউফলে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতার অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী নারী ও পুরুষরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেয়। এর আগে একই স্থানে একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে ভুক্তভোগীরা তাদের প্রতি অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, চন্দ্রদ্বীপের মানুষ একই ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তার বাহিনীর নেতৃত্বে চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী অতিষ্ঠ। নিজের জমি নিজেরা চাষাবাদ করতে পারছেন না। তাদের জমি জোরপূর্বক তরমুজ চাষিদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অন্যায় কাজের প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপি’র শীর্ষ এক নেতা বলেন, রুহুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিরুপায় হয়ে জামায়াতে ভোট দিয়েছে। বিতর্কিত এই বিএনপি নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।
বিএনপি নেতা রুহুল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি’র নেতাকর্মীদের ওপর যারা অত্যাচার নির্যাতন করেছে, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তাদের মধ্যে কিছু জামায়াত ছাড়া সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন