কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর শ্বাসরুদ্ধকর ম্যাচ জয় তুলে নিয়ে পরের পর্বের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এর মধ্যে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের খবর পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কানেও। দেশটিতে আঘাত হানা সাম্প্রতিক শতাব্দীর ভয়াবহতম জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার সাধারণ মানুষের উদ্দেশ্যে এক আবেগঘন সংহতি বার্তা পাঠিয়েছেন তিনি।
গত ২৪শে জুন ভেনেজুয়েলার উপকূলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১২৫ বছরের মধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সরকারি হিসাবে এখন পর্যন্ত ২,৬৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২,০০০-এরও বেশি মানুষ। ধসে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো উদ্ধার অভিযান চলছে। বহু মানুষ তাদের নিখোঁজ স্বজনদের অপেক্ষায় দিন গুনছেন।
বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও এই মানবিক বিপর্যয় গভীরভাবে নাড়া দিয়েছে মেসিকে। কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার পর মিক্সড জোনে এসে এলএমটেন বলেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কতটা ভয়াবহ এবং কঠিন এক ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সেইসব মানুষদের পাশে দাঁড়াতে চাই যারা এখন তীব্র কষ্টের সম্মুখীন। যারা নিজেদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন যে আগামীতে কী হতে যাচ্ছে। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও ভালোবাসা পাঠাচ্ছি।’
শুধু মেসিই নন, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনেজুয়েলার জন্য একটি বড় তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। একইসঙ্গে সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং কলম্বিয়ার লুইস দিয়াজদের মতো ফুটবলাররাও ভেনেজুয়েলার কঠিন সময়ে সমবেদনা ও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।
