বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিটের বাজারে শুরু হয়েছে তীব্র জোয়ার-ভাটা। একদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি ঘিরে সিয়াটলে উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে সবাইকে অবাক করে দিয়ে নাটকীয়ভাবে কমছে এই ম্যাচের টিকিটের দাম। টিকিট ট্র্যাকিং সার্ভিস ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ৩২ শতাংশ পর্যন্ত কমে গেছে।
চলতি মাসের প্রথম দিনের হিসেবে, সিয়াটলে হতে যাওয়া এই শেষ ম্যাচের টিকিটের শুরুর মূল্য আকাশ ছুঁয়ে প্রায় ৪,০০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৯৪ হাজার টাকা) গিয়ে ঠেকে। এরপর গত মঙ্গলবার তা নাটকীয়ভাবে কমে দাঁড়ায় ১,৫৪৯ ডলারে (প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা)। তবে শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ১৬ নিশ্চিত করার পর, টিকিটের চাহিদা আবার এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ২,৮৩৬ ডলারে (প্রায় ৩ লাখ ৬২ হাজার টাকা)।
তবে সেই জোয়ার বেশিদিন টেকেনি। শনিবার বিকাল নাগাদ টিকিট প্রতি মূল্য ৩২ শতাংশ কমে গিয়ে দাঁড়ায় ১,৪২৩ ডলারে (প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা)। তবে শনিবার সন্ধ্যার পর বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়ে বর্তমানে ১,৬৩৫ ডলারে (২ লাখ টাকার কিছু বেশি) এসে থিতু হয়েছে। টিকিটের দামের এই ব্যাপক ওঠানামা সত্ত্বেও, শেষ ১৬-র বাকি আটটি ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামই বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ।
টিকিট বিশেষজ্ঞদের কাছে এই দরপতন বেশ আশ্চর্যজনক। কারণ, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটল স্টেডিয়াম থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এবং সিয়াটলে এটি রেড ডেভিলদের তৃতীয় ম্যাচ হতে যাচ্ছে।
এদিকে দরদামের এই দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেক্সিকো সিটিতে হতে যাওয়া মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচটি। যার সর্বনিম্ন টিকিটের মূল্য বর্তমানে ৩,৫৭৪ ডলার (প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা)।
টিকিটডেটা ডটকম-এর সবশেষ তালিকা:
মেক্সিকো-ইংল্যান্ড: ৩,৫৭৪ ডলার (প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা)
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম: ১,৬৩৫ ডলার (২ লাখ টাকার কিছু বেশি)
আর্জেন্টিনা-মিশর: ১,৫৯৯ ডলার (প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা)
ব্রাজিল-নরওয়ে: ১,৫৩৭ ডলার (প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা)
পর্তুগাল-স্পেন: ১,৩৬৭ ডলার (প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকা)
