মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি গড়তে গঠিত হচ্ছে জাতীয় টিভেট কমিশন

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি গড়তে গঠিত হচ্ছে জাতীয় টিভেট কমিশন

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করতে সরকার নতুন করে এক বড় উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি সম্প্রতি ঘোষণা করেছেন যে, খুব শিগগিরই একটি স্বতন্ত্র ‘জাতীয় টিভেট কমিশন’ গঠন করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়নের কাজ ২০২৬ সালের শেষ নাগাদ চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বর্তমানে মালয়েশিয়ায় টিভেট সংক্রান্ত নীতিনির্ধারণী কাজের জন্য ‘ন্যাশনাল টিভেট কাউন্সিল’ দায়িত্বরত রয়েছে। তবে ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা এবং শিল্প খাতের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই কমিশন কেবল নীতি প্রণয়নই করবে না, বরং সেই নীতিগুলোর কার্যকর বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রেও কঠোর ভূমিকা পালন করবে। উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে টিভেট পরিচালনা করে, সেই সফল মডেল অনুসরণ করেই মালয়েশিয়া এই কমিশন গঠন করছে।

বর্তমানে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন এবং স্টেকহোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার কাজ চলছে। এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে বিধায় সংসদীয় অনুমোদনের প্রয়োজন রয়েছে। বারনামা আরও লিখেছে, উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, নীতিগত অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে এবং এখন পার্লামেন্টে সংশ্লিষ্ট আইন পেশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই কমিশন গঠিত হলে মালয়েশিয়ার কর্মসংস্থান বাজারে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। মূলত, ইন্ডাস্ট্রি বা শিল্প খাতের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলাই হবে এই কমিশনের প্রধান লক্ষ্য। জহুর দারুল তা’জিম টিভেট মারা রোডশো চলাকালীন এই বিষয়ে আলোকপাত করে উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তরুণ ভোটার এবং কর্মক্ষম প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই আধুনিকায়ন অত্যন্ত জরুরি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন