যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মার্কিন প্রেসিডেন্টকে লেখা চিঠিতে অভিনন্দন জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে পেইজে চিঠিটি শেয়ার করা হয়েছে।
চিঠিতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের তরফে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, আমরা আশাবাদী- আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে।
চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে বিস্তৃত যোগাযোগকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে এ বছরের শুরু থেকে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
অভিন্ন স্বার্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার ও গভীর করতে প্রধানমন্ত্রী ও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। চিঠির শেষে ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।
