চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী

ফন্ট সাইজ:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন নায়ক জয় চৌধুরী। শনিবার ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রোমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, শিপন মিত্র , সুশান্ত, রাকা আলম, শিরিন শিলা, চিকন আলী, কাবিলা এবং ফরহাদ। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।

ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। আগামী দিনে তারা সাধারণ শিল্পীদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন