‘পরান’ ছবির সাফল্যের পর অনেকেই মনে করেছিলেন বড় পর্দায় একের পর এক ছবিতে কাজ করবেন মিম। কিন্তু মিম হেঁটেছেন উল্টো পথে। সেই ছবির পর খুব বেছে কাজ করতে শুরু করেন তিনি। পরবর্তীতে ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে এরপর একটা দীর্ঘ বিরতি। এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেছেন তিনি। আর সেই প্রস্তুতি নিয়েই চলতি বছরের এই মাঝামাঝিতে চেনা ছন্দে ফিরেছেন মিম। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে মিমের নতুন সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় এই ছবিতে আরিফিন শুভ’র বিপরীতে দেখা গেছে তাকে। এতে মিমের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আর সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে এ তারকার নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। সিনেমাটির নির্মাতা কাজী আসাদ।
এর গল্প লিখেছেন- মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেনÑ আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ। ভালোবাসার টানে মানুষ কতোদূর যায়? আর কতো কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যদিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে মিম অভিনীত এ সিনেমায়। এ ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে ‘লাইফলাইন’। বিশেষ করে মিমের অভিনয়। এদিকে জানা গেছে, কমপক্ষে আরও হাফ ডজন সিনেমার প্রস্তাব রয়েছে মিমের হাতে। পাশাপাশি ওটিটির প্রস্তাবও রয়েছে বেশ কিছু। তবে এখনো পাকাপাকি নয়, এখান থেকে কোন কাজটির মাধ্যমে সামনে আসবেন মিম। সময় হলেই সেগুলো সম্পর্কে জানাবেন বলে জানান তিনি।
