পোশাক কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। অনলাইনে তিনবার পোশাক কিনেছিলেন তৃষা। একটা পোশাকও পরতে পারেননি কারণ অনলাইনে কেনা পোশাক থেকে মারাত্মক দুর্গন্ধ বেরিয়েছে। শেষে যে ব্র্যান্ডের পোশাক কিনেছিলেন তাদের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পোশাক সংস্থার নাম উল্লেখ করে তৃষা লেখেন, আপনাদের একটা ছোট্ট অনুরোধ, পরের বার হোম ডেলিভারির আগে দয়া করে দেখে নেবেন, পোশাক থেকে যেন শরীরের দুর্গন্ধ না বের হয়। এই নিয়ে তিনবার এমন হলো। অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। এটা চরম প্রতারণা। ডেলিভারি দেয়ার আগে একবার সব দেখে নিয়ে পাঠান।
তবে ঠিক কী ধরনের পোশাক অর্ডার করেছিলেন, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। এ বছর ৪৩-এ পা দিয়েছেন তৃষা। অন্যদিকে, অভিনেতা বিজয় থালাপতির জন্মদিনে তার উদ্দেশ্যে তৃষার শুভেচ্ছাবার্তা ঘিরেও জোর চর্চা শুরু হয়েছিল। অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে বিজয়ের দিকে ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। ছবির সামনে রাখা ছিল পাঁচটি জন্মদিনের কেক। ক্যাপশনে তৃষা লিখেছিলেন, যিনি সবকিছুকে সার্থক করে তোলেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা। সেই পোস্ট ঘিরে তাদের সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয় ভক্তদের মধ্যে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘করুপ্পু’ ছবিতে। সুরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা।
