তামিলনাড়ুতে কথিত বাংলাদেশি সন্দেহে ৫০ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ওইসব বাংলাদেশিকে ট্রেনে সশস্ত্র পাহারায় তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের হরিদাসপুর সীমান্তে বিএসএফ’র কাছে পাঠানো হচ্ছে। এ তথ্য জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। এই ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশির মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুতে এরা ধরা পড়ার পর সালেম জেলার আত্তুর তালুক কমপ্লেক্সের এক ক্যাম্পে রাখা হয়েছিল।
তাদেরকে অফিশিয়াল ডিপোর্টেশনের নির্দেশ দেয়া হয়েছে। এরপরেই তিনটি ভ্যানে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্যে তাদের তিরুচিরাপল্লি পাঠানো হয়েছে। তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে সালেম আর্মড রিজার্ভ পুলিশের ডিএসপি শক্তিভেলের নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র পুলিশের একটি দলের পাহারায় আটক ৫০ কথিত বাংলাদেশিকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হাওড়ায় আসার পর ওই ৫০ সন্দেহভাজন বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের হরিদাশপুর সীমান্তের বিএসএফ’র হাতে তুলে দেয়া হবে। এরপর ওই ৫০ জনের চূড়ান্ত পর্যায়ের হস্তান্তরের বিষয়টি বিএসএফর মাধ্যমে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
