ঘানার ফুটবল সমর্থকদের জন্য ‘লুইস সুয়ারেজ’ নামটা এক অনন্ত কান্নার ইতিহাস। ২০১০ বিশ্বকাপের সেই কুখ্যাত হ্যান্ডবলের ঠিক ১৬ বছর পর, আবারও এক লুইস সুয়ারেজের কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিলো আফ্রিকার ব্ল্যাক স্টাররা। তবে এবারের সুয়ারেজ উরুগুয়ের নন, তিনি কলম্বিয়ার ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
কানসাস সিটি স্টেডিয়ামে বদলি হিসেবে মাঠে নেমেই এই সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন জহন আরিয়াস। আর তাতেই ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় কলম্বিয়া। মাত্র সাত মিনিটে প্রধান স্ট্রাইকার জহন কর্দোবা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লে মাঠে নামানো হয় লুইস সুয়ারেজকে। গত মৌসুমে পর্তুগালের স্পোর্টিংয়ের হয়ে ২৮ গোল করা সুয়ারেজই ম্যাচের ভাগ্য বদলে দেন। ডান প্রান্ত দিয়ে তার দারুণ এক ক্রস খুঁজে নেয় অরক্ষিত জহন আরিয়াসকে। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করতে ভুল করেননি আরিয়াস।
চলতি মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব উলভসে মাত্র ছয় মাস কাটিয়ে ব্রাজিলের পালমেইরাসে যোগ দিয়েছেন তিনি। ম্যাচের পর হুঙ্কার ছুঁড়ে কলম্বিয়ান এই উইঙ্গার বলেন, ‘আমাদের ফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখার এবং তা বিশ্বাস করার মতো সামর্থ্য আছে। ইতিহাস গড়ার প্রথম ধাপই হলো মনে-প্রাণে বিশ্বাস করা।’
