ইউরোপজুড়ে বয়ে যাওয়া সাম্প্রতিক তীব্র তাপদাহের কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অন্তত ৩,৭০০ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, মৃতের এই সংখ্যা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে রয়টার্স। বিশেষজ্ঞদের মতে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপদাহটি ইউরোপের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে ভয়াবহ তাপদাহ। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই চরম তাপদাহ তৈরি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট শুক্রবার স্থানীয় টেলিভিশনে জানান, তাপদাহের সময়ে ফ্রান্সে দুই হাজার পঁচিশ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের একটি বুলেটিনে বলা হয়েছে যে, পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২২ থেকে ২৮ জুনের মধ্যে বাড়িতে মৃত্যুর হার ৯১ ভাগ বেড়েছে। এছাড়া নার্সিং হোম ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, চূড়ান্ত মৃত্যুর সংখ্যা এই প্রাথমিক পরিসংখ্যানের চেয়ে আরও বেশি হবে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে সেখানে প্রায় ১,২০০ জনের মৃত্যু নিবন্ধিত হয়েছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে যে, তাপদাহের সময়ে এমন অতিরিক্ত মৃত্যুর ঘটনা তাদের দেশে নজিরবিহীন। অন্যদিকে, নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাপদাহের কারণে সেখানে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ছিল ৮০ বছরের বেশি বয়সী।
