যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহে ব্যাহত স্বাধীনতা দিবসের উদযাপন, চাপে বিদ্যুৎ গ্রিড

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহে ব্যাহত স্বাধীনতা দিবসের উদযাপন, চাপে বিদ্যুৎ গ্রিড

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল জুড়ে আঘাত হানা ভয়াবহ তাপপ্রবাহে ৪ঠা জুলাই স্বাধীনতা দিবস উদযাপনের নানা আয়োজন ব্যাহত হচ্ছে। তীব্র গরমের কারণে দেশটির রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে ডজনখানেক প্যারেড, কনসার্ট এবং আতশবাজির প্রদর্শনী বাতিল বা স্থগিত করা হয়েছে। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত বড় আয়োজনগুলোর মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল মল-এ অনুষ্ঠিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার অন্যতম। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর বিশেষ উদ্যোগগুলোর অন্যতম কেন্দ্রীয় আয়োজন এই মেলা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত মেলাটি শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সে সময় তাপমাত্রা পৌঁছে ১০১ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতের দিকে ন্যাশনাল পার্ক সার্ভিস-এর আয়োজকরা ঘোষণা দেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ওয়াশিংটনের বার্ষিক ইনডিপেনডেন্স ডে প্যারেড বাতিল করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্যারেডটি শুরু হওয়ার কথা ছিল। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছিল, শনিবার অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) সর্বোচ্চ ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়াবিদদের মতে, হিট ডোম নামে পরিচিত একটি উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার ফলে এ সপ্তাহের শুরুতে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। এই আবহাওয়া পরিস্থিতিতে গরম বাতাস একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর আটকে থাকে এবং আর্দ্রতাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তীব্র গরমের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চাপে পড়ে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন (পিজেএম), যা মধ্য-আটলান্টিক অঞ্চল, দক্ষিণাঞ্চল, ওয়াশিংটন ডিসি এবং মোট প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে, তারা জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ উৎপাদন ইউনিট বিকল হওয়া, অতিরিক্ত চাপের কারণে সঞ্চালন লাইন সমস্যায় পড়া এবং তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে হয়েছে।

নিউইয়র্কে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সংযমের আহ্বান জানায়। নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ম্যানহাটানের রাস্তায় হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে যাওয়া আঠার কারণে রাস্তার সঙ্গে আটকে যাচ্ছিল।

তবে এই তীব্র গরমও থামাতে পারেনি পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠান দেখতে আসা ভক্তদের। ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এর বাইরে প্রচণ্ড গরমের মধ্যেও অসংখ্য মানুষ তারকাদের এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন। অতিথিদের বহনকারী এসইউভি গাড়িগুলো অনুষ্ঠানস্থলে প্রবেশ করানোর সময় এক কর্মীকে এক হাতে পানির বোতল এবং অন্য হাতে ঘাম মুছতে তোয়ালে ধরে থাকতে দেখা যায়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি জনসংখ্যা, অর্থাৎ ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাপপ্রবাহ সতর্কতার আওতায় ছিলেন। দেশের কয়েকটি এলাকায় অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে এবং একাধিক শহরে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই তাপপ্রবাহ প্রাণঘাতী হতে পারে। দীর্ঘ ছুটিতে বাইরে সময় কাটানো মানুষদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং তাপজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ৪ জুলাইয়ের ছুটির সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সাধারণত এই সময়ে মার্কিন নাগরিকরা বারবিকিউ, প্যারেড এবং আতশবাজির আয়োজনের মাধ্যমে ১৭৭৬ সালে বৃটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করেন।

ফিলাডেলফিয়া শহরে তীব্র গরমের কারণে স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আয়োজন স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা ১৯০১ সালের রেকর্ডের সমান। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক ৪ জুলাইয়ের প্যারেড বাতিল করেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়াটারটাউন শহর স্বাধীনতা দিবসের কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল করেছে। অন্যদিকে বস্টন শহরে নদীতীরে অনুষ্ঠিত বার্ষিক আতশবাজির উৎসবে দর্শকদের প্রবেশের সময় চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৪টা থেকে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন