ভারতের ক্লাবের সামনে রাজশাহী স্টারস

এএফসি নারী চ্যাম্পিয়নস লীগ

ভারতের ক্লাবের সামনে রাজশাহী স্টারস

ফন্ট সাইজ:

বাংলাদেশের নারী ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এএফসি নারী চ্যাম্পিয়নস লীগের তৃতীয় আসরে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব অংশ নেবে। এ গৌরব অর্জন করেছে রাজশাহী স্টারস। প্রথম দুই আসরে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি না থাকলেও এবার দেশের মুখ উজ্জ্বল করতে আন্তর্জাতিক মঞ্চে খেলবে ক্লাবটি। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২৬-২৭ আসরের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ড্র’ অনুযায়ী রাজশাহী স্টারস পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল, গুয়ামের রোভার্স এফসি এবং স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো আগামী ১৭-২৩শে আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।
রাজশাহী স্টারস বাংলাদেশের নারী ফুটবলে নবাগত দল।

২০২৫-২৬ মৌসুমে প্রথমবার ঘরোয়া লীগে খেলেছে তারা। নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। লীগে রাজশাহীর হয়ে খেলেছেন জাতীয় দলের একঝাঁক তারকা। তাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা অন্যতম। তাদের নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায় রাজশাহী। টুর্নামেন্টকে সামনে রেখে আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, ‘রাজশাহী শুধু একটা দল হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই মাঠে নামবে।’
প্রাথমিক পর্বে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে মূল পর্বে। প্রাথমিক পর্ব থেকে উঠে আসা এই ছয় দল সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া ছয় দলের সঙ্গে যোগ দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন