ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই সিরাজগঞ্জ শহরে ভিন্নধর্মী এক দৃশ্য জনমনে কৌতূহলের জন্ম দিয়েছে। বিভিন্ন দেশের জাতীয় পতাকার পাশাপাশি শহরের ইলিয়ট ব্রিজ (বড়পুল) জুড়ে সাদা কাপড়ে কালো আরবি হরফে কালেমা-লেখা একাধিক পতাকা টানানো হয়েছে। ঘটনাটি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা ব্রিজের দুই পাশে এসব পতাকা টানিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে পথচারীদের নজরে বিষয়টি আসে। পরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে কারা বা কী উদ্দেশ্যে এসব পতাকা স্থাপন করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শহরের অটোরিকশাচালক রিপন সেখ বলেন, এর আগে তিনি এমন আরবি লেখা পতাকা দেখেননি। সকালে বড়পুলে গিয়ে প্রথমবারের মতো এগুলো দেখতে পান। কারা এসব পতাকা টানিয়েছে, তা নিয়েও তিনি কৌতূহল প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাজনৈতিক নেতা দাবি করেন, পতাকাগুলোর নকশা কিছুটা ভিন্ন রকমের বার্তা মনে হচ্ছে। সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রও হতে পারে এটা।
এদিকে ব্রিজে সারিবদ্ধভাবে টানানো এসব পতাকা দেখতে অনেক পথচারী থেমে যাচ্ছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন। স্থানীয়দের অনেকেই বলছেন, ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ মানবজমিনকে বলেন, ফুটবল বিশ্বকাপ খেলা চলমান থাকায় শহরের বিভিন্ন স্থানেই বিভিন্ন দেশের পতাকা টাঙানোর বিষয়টি দেখা যাচ্ছে। কিন্তু সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা লাগানোর বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। কারা, কী উদ্দেশ্যে এগুলো টাঙিয়েছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।
