কুমিল্লায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ঘরবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

ফন্ট সাইজ:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এলাকায় ভাড়া না দিয়ে ঘরবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাড়ির মালিক ব্যবসায়ী শাহাব উদ্দিন (৩৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লালনগর এলাকায় নিজ মালিকানাধীন ৪ শতক ভূমির উপর নির্মিত বসতঘর গত ১লা মার্চ ২০২৫ তারিখে মাসিক ৭,০০০ টাকা ভাড়ায় নাছির মিয়া ও তার পরিবারের সদস্যদের নিকট ভাড়া দেন বাড়ির মালিক। প্রথম মাসের ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে ভাড়াটিয়ারা বিভিন্ন অজুহাতে ভাড়া পরিশোধ বন্ধ করে দেয়। অভিযোগে উল্লেখ করা হয়, ১লা এপ্রিল ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রায় ৭০,০০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে। একাধিকবার ভাড়া পরিশোধের জন্য অনুরোধ করা হলেও ভাড়াটিয়ারা সময়ক্ষেপণ করে এবং পরবর্তীতে বাড়ির মালিককে অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।
ঘটনার দিন গত ২৩শে ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ভাড়া চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ভুক্তভোগী ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এস আই দিলীপ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন