ময়মনসিংহের গৌরীপুরে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে যুবক মানিক মিয়া (৪০) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুন্সিকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনবিরোধী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. শোয়েব মুন্সিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ১১টার দিকে গৌরীপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় মানিক মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় এবং হামলায় নেতৃত্ব দেন মো. শোয়েব মুন্সি। গুরুতর আহত অবস্থায় মানিক মিয়াকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার (১লা জুলাই) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর এলাকার সতিশা রোডের বাসিন্দা এবং আজিবুল ইসলামের ছেলে। তিনি একসময় গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। জীবিকা নির্বাহ করতেন পালকি গাড়ি চালিয়ে। নিহতের ছোট ভাই সুখ মিয়া অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি একটি হত্যার ঘটনা। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরীপুরে যুবকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
২ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
