অবশেষে প্রত্যাহার করা হল বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গতকাল তার বিদায়কালে ডিসি অফিসের সামনে নারী কর্মচারীরা ঝাড়ু মিছিল বের করেন।
জেলা প্রশাসকের বদলির খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের একদল নারী কর্মচারী ঝাড়ু মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাড়ু হাতে কর্মচারীদের অবস্থান দেখে বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
খায়রুল আলম সুমনের বিরুদ্ধে অনিয়ম ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার নানা অভিযোগ ওঠে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্নীতির তথ্য ফাঁসের সন্দেহে গত কয়েক দিনে জেলা প্রশাসক তার কার্যালয়ের প্রায় এক ডজন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন উপজেলায় বদলি করেন। এর ফলে কার্যালয় জুড়ে একধরনের আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছিল। চাকরি হারানোর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরে-ভেতরে চাপা ক্ষোভ ছিল।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল দুপুরে যোগাযোগ করা হলে খায়রুল আলম সুমন কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগেও বিভিন্ন সময়ে এসব অভিযোগ নিয়ে তার কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এদিকে গতকাল বরিশালে নতুন জেলা প্রশাসক মো. মামুন খন্দকারযোগদান করেছেন।
