ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের দুই নতুন প্রশাসক দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে দুই সিটির প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো: শফিকুল ইসলাম খান দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এর আগে স্থানীয় সরকার বিভাগে তিনি ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। তিনিও সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুর ২টায় প্রশাসক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। নগরভবনের ফিরে ডিএসসিসির নতুন প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
