বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি উচ্ছেদে যা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। তার মতে, দুর্নীতি করা আর দুর্নীতি সহ্য করা একই অপরাধ। জাতীয় মসজিদ কেন্দ্রীক কোন দুর্নীতি চলতে দেয়া যাবেনা। সাংবাদিকদের কাছ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অতীতে আন্তরিক সহযোগিতা পেয়েছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, আমাদের কাছে খারাপ নিউজ, ভালো নিউজ বলে আলাদা কোনো শব্দ নেই। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো।
সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি সরকার গঠন করার সুযোগ পাবে-এমন ধারণা কখনোই ছিলনা উল্লেখ করে কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর ইচ্ছায় এটা সম্ভব হয়েছে। তার সম্পর্কে এমন অনেক সংবাদ প্রকাশিত হয়েছে যে বিষয়ে তিনি অবগত ছিলেন না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আল্লাহকে ভয় করি, সত্য-মিথ্যা আল্লাহই জানেন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ জামাল, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল। উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি কামরুজ্জামান বাবলু, অর্থ সম্পাদক রকিবুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সভাপতি উবায়দুল্লাহ বাদল, নির্বাহী সদস্য মহসিনুল করিম প্রমুখ।

Khaja
৩ মাস আগেমসজিদেও দুর্নীতি! হে, আল্লাহ তুমি এই জাতিকে সৎ পথে চলার তৌফিক দান কর.