ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গত ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের আগের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৩৫৬ টাকা। সেখান থেকে ১৫ টাকা কমিয়ে নতুন মূল্য ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২রা ফেব্রুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে কর কাঠামোয় পরিবর্তন আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এলপিজির দামে এ সমন্বয় এসেছে।
অন্যদিকে, একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২রা ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

akhter hossain
৪ মাস আগেদাম নির্ধারণের ঘোষণা! আর বাস্তবায়ন না করা :
ভোক্তাদের সাথে মশকরা নয় কী?
বন্ধ করুন এ-ই সব তামাশা!