পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে জাতীয় স্বার্থ এগিয়ে নিতে সক্ষম, দক্ষ ও পেশাদার কূটনীতিক গড়ে তোলা জরুরি।’’ বৃহস্পতিবার রাজধানীরতে আয়োজিত ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’-এর সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের কূটনীতিকদের জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠাসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম)। তিনি বলেন, ‘রিফ্রেশার্স কোর্স মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর । তিনি বলেন, ‘আধুনিক কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, ধীরস্থির ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হতে হবে।
এ ধরনের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে একাডেমি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’ ফরেন সার্ভিস একাডেমি পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এই রিফ্রেশার্স কোর্সের আয়োজন করে। এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ জন পরিচালক সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোর্সের রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।
