বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় গতকাল ১ জুলাই ‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে উপস্থাপিত অভিযোগ ও দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘অ্যারোমেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার নাসের জাহেদী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন-এমন দাবি সম্পূর্ণ অসত্য এবং এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।’
জুবায়ের আরও বলেন, ‘তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো গোপন সম্পর্ক নেই। তুরস্ক বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ। একটি রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন দেশের রাজনৈতিক দল, কূটনৈতিক প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্যমূলক ও প্রকাশ্য যোগাযোগ রাখা স্বাভাবিক বিষয়। এর বাইরে প্রতিবেদনে যে ধরনের সম্পর্কের অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।’
তিনি বলেন, ‘প্রতিবেদনে তুরস্কের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশিদের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিচালিত মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো তথ্য, দলিল বা প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। অথচ বাংলাদেশে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে আইনানুগভাবে মানবকল্যাণমূলক ও ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।’
তিনি আরও বলেন, ‘‘প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বেশির ভাগ সুবিধা নিচ্ছে জামায়াত।’ কিন্তু কীভাবে, কোন খাতে বা কী ধরনের সুবিধা নেয়া হয়েছে-সে বিষয়ে একটি নির্দিষ্ট তথ্য বা প্রমাণও উপস্থাপন করা হয়নি। এ ধরনের অসত্য, অনুমাননির্ভর ও প্রমাণবিহীন বক্তব্য দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী এবং হলুদ সাংবাদিকতারই বহিঃপ্রকাশ।’’
বিবৃতিতে জুবায়ের বলেন, ‘সংবাদপত্রের দায়িত্ব হলো নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সংবাদমাধ্যম ব্যবহৃত হওয়া গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
সংশ্লিষ্ট পত্রিকাকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
