চট্টগ্রাম নগরে প্রকাশ্যে গুলিতে শেখ মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেট-বিবিরহাট বশর মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শেখ মোহাম্মদ আজাদ হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে। তিনি মির্জাপুর এলাকার একটি অ্যালুমিনিয়াম কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার শরীরের ডান পাশে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদকে হাসপাতালে নিয়ে আসা ইসহাক আলম জানান, ফরেস্ট গেট এলাকায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুর্বৃত্তরা গুলি চালায়।
নিহতের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ জানান, সকালে প্রতিদিনের মতো আজাদ কাজে বের হন। দুপুরে বাড়ি ফেরার কথা ছিল। পরিবারের সদস্যরা কয়েক দফা ফোন করলে তিনি জানান, কাজ শেষে বাসায় ফিরছেন। একপর্যায়ে তিনি বলেন, তিনি ‘বাবু’ নামে এক ব্যক্তির সঙ্গে রয়েছেন। সাজ্জাদ বলেন, “বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে আবার ফোন করলে ‘বাবু’ নামে পরিচয় দেয়া এক ব্যক্তি ফোন রিসিভ করে বলেন, ‘তোর ভাই গুলি খেয়েছে, তোরা কোথায়?’ পরে তিনি জানান, “সামার ভিউ এলাকার কাছে আজাদকে গুলি করা হয়েছে।” এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
