কেন দেরিতে মায়ামি যাচ্ছে আর্জেন্টিনা

কেন দেরিতে মায়ামি যাচ্ছে আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

বিশ্বকাপে রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটির দু’দিন আগে অর্থাৎ গতকাল কানসাস থেকে মায়ামি যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ মুহূর্তে এই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। নকআউটের ম্যাচের আগে গতকাল কানসাসে শেষবারের মতো দলকে অনুশীলন করিয়েছেন স্কালোনি। সেখানে ক্লোজডোর অনুশীলন শেষে রাতেই মায়ামির উদ্দেশে কানসাস ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নকআউট ম্যাচের আগে এটিই হবে দলের শেষ পূর্ণাঙ্গ অনুশীলন। এখানেই শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করার কথা স্কালোনির। শেষমুহূর্তের অনুশীলনে সবচেয়ে বেশি নজর থাকবে স্কালোনির দল নির্বাচনের দিকে।

অবশ্য এখনো তেমন কোনো ইঙ্গিত দেননি আর্জেন্টাইন কোচ। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সময়ে সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের সঙ্গে আরও কয়েকজনকে একই রঙের জার্সি পরিয়ে তিনি সবাইকে ধোঁয়াশায় রেখেছেন। বাঁ প্রান্তের রক্ষণে লড়াই চলছে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে। চোট কাটিয়ে উঠলে ক্রিস্টিয়ান রোমেরো আবারও সেন্টার-ব্যাকে ফিরবেন, নাকি নিকোলাস ওতামেন্দিই জায়গা ধরে রাখবেন সেটিও এখনো নিশ্চিত নয়।

সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? রোমেরোকে পুরোপুরি ফিট মনে করলে স্কালোনি তাকেই একাদশে ফেরাবেন। তাগলিয়াফিকোরও শুরুর দলে ফেরার সম্ভাবনা রয়েছে। আর মেসির সঙ্গীর লড়াইয়ে আপাতত লাউতারোই কিছুটা এগিয়ে আছেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারণা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন