পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বৈঠক

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মরক্কোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক অর্থনীতি, জাহাজ নির্মাণ এবং দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। তিনি বিশেষ করে বস্ত্র, ওষুধশিল্প ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। পাশাপাশি দক্ষ ও বাংলাদেশি কর্মী নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা এগিয়ে নেয়া এবং নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষই বাংলাদেশ-মরক্কো অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন