নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে মুক্তির দেড় ঘণ্টা পর ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
নিহতের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসে ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে ফোন করে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের ছেলে হৃদয়সহ অপর সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তার ছেলেকে এলোপাতাড়িভাবে কোপায়। এ সময় ইমন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও সোমবার কারাগার থেকে জামিনে বের হয়ে আসে। ইমন তার সঙ্গে ইলেকট্রিকের কাজ করতো।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।

Susanta bikash barua
৩ মাস আগেথানার ঘুষ-নির্যাতন। আদালতের বিচারহীনতা ঘুষ নির্যাতন। দারিদ্রতা ও নানান কারনে অপরাধী তৈরী হয়। স্বরাস্ট্র মন্ত্রীকে বিষয়টি দেখতে হবে।