সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, শিক্ষা মন্ত্রণালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওয়ার্ন ক্যামেরা এবং তিন সেট প্রশ্নপত্রের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, একাদশ শ্রেণিতে নিবন্ধন করেও ফরম পূরণ না করায় ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় ৪ লাখ, মাদ্রাসা বোর্ডে ৬১ হাজার এবং কারিগরি বোর্ডে ৯০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। তিনি জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি এবং সাধারণ শিক্ষা বোর্ডে অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী মানবিক বিভাগের।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা রয়েছে। উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের প্রশিক্ষণ, খাতা পুনর্মূল্যায়ন এবং খাতা দেখার ক্ষেত্রে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনায় সরকারি অনুমতি বাধ্যতামূলক করা হবে এবং বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা চালুর বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
