ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ‘মিশরের রাজা’

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ‘মিশরের রাজা’

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ঐতিহাসিক ম্যাচের আগে বড় ধরণের বুস্ট পেলো মিশর। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে আংশিক অনুশীলনে ফিরেছেন অধিনায়ক ও প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। স্পোকেনে দলের ট্রেইনিং সেশনে সাবেক লিভারপুল ফরোয়ার্ডের যোগ দেয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ ড্র করে মিশর। ম্যাচের ৫৭ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সালাহকে। মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের আগে তার এই ইনজুরি পুরো দেশকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তবে ম্যাচ শেষেই কোচ হোসাম হাসান আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘সালাহ আমাকে বলেছে সে ঠিক হয়ে যাবে এবং এটি বড় কোনো ইনজুরি নয়।’ কোচের সেই কথাই সত্যি হওয়ার পথে। যদিও সালাহ এখনো ১০০ ভাগ ফিট না হওয়ার কারণে পূর্নাঙ্গ অনুশীলনে যোগ দেননি। তবে ম্যাচের তিন দিন আগে তার মাঠে ফেরা নিশ্চিতভাবেই মিশরীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছে।

ফিফার বর্ধিত ফরম্যাটের এই বিশ্বকাপে বেলজিয়ামের পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে পা রেখেছে মিশর। আর এই রূপকথার যাত্রায় মূল কাণ্ডারি ৩৪ বছর বয়সী সালাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের ঐতিহাসিক জয় তুলে নেয় মিশর, যা বিশ্বকাপে দেশটির প্রথম জয়। নিজের ৬৮তম আন্তর্জাতিক গোল করার পাশাপাশি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি অ্যাসিস্টও করেছেন সালাহ।

যদিও আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১৬-তে যাওয়ার লড়াইয়ে সালাহ শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে দলের মেডিকেল স্টাফরা আগামী কয়েকদিন তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পুরোপুরি ফিট না হলেও, সালাহর ড্রেসিংরুমে থাকা এবং তার নেতৃত্বই সকারুজদের বিপক্ষে মাঠে নামার আগে মিশরকে মানসিকভাবে অনেক দূর এগিয়ে রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন