কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মতি মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

অভিযুক্ত মতি মিয়া বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়েটি কোনোমতে বোনের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করে আইনি সহায়তার ব্যবস্থা করেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ভিকটিমকে উদ্ধার করি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।’ অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভু্ক্তভোগী স্কুলছাত্রীকে সকল ধরনের সাপোর্ট দেয়া হবে।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন