রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে অন্তত সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশ্যে দ্রুতগতিতে যাচ্ছিল। পথে এটি প্রথমে একটি ট্রেলারের (বড় পণ্যবাহী ট্রাক) সঙ্গে এর সংঘর্ষ হয়। এরপর বাস ও ট্রেলার দুই যানেই আগুন ধরে যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ভয়াবহ আগুনে দুটি যানবাহন দাউদাউ করে জ্বলছে। এ সময় ভেতরে আটকে পড়া যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতায় বাসের ওপরের বার্থে থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দু’জন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের উদ্ধার করতে দমকল বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। আহত ২২ জনকে চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া স্থানীয়দের অভিযোগ, বাসটির লাগেজ রাখার অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট রাখা ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে ভূমিকা রেখেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে এবং আহতদের পরিচয় শনাক্ত করার কাজও চলছে।
