বাজেট ১ টাকা করলে নামিয়ে ফেলতে হবে লাল-সবুজের পতাকা: পররাষ্ট্রমন্ত্রী

বাজেট ১ টাকা করলে নামিয়ে ফেলতে হবে লাল-সবুজের পতাকা: পররাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তিনি ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট উদাহরণ হিসেবে তুলে ধরেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১৮৪৪,৪৩,০০,০০০ (এক হাজার আটশত চুয়াল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ) টাকা মঞ্জুরের দাবি করেন। বিষয়টির ওপর সংসদ সদস্যদের বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এ কথা জানান ৷ ছাটাই প্রস্তাবে সংসদ সদস্যরা মন্ত্রীর প্রস্তাবিত টাকা ছাটাই করে ১ টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ-রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে—সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ।

আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় এক হাজার কোটি টাকার বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ২৯,০০০ কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ৩,৪০০ কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত ১৬ নম্বর দাবি হ্রাস করে ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক যে চাঁদা, আমরা দিতে পারব না। যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন