খুলনায় অপহৃত শিশু রাজাপুরে জঙ্গল থেকে উদ্ধার

খুলনায় অপহৃত শিশু রাজাপুরে জঙ্গল থেকে উদ্ধার

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুরে অপহরণের পর রাতের আঁধারে জঙ্গল থেকে মো. মিহির নামে ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তা ও খালের পাশের একটি নির্জন জঙ্গল থেকে কান্নারত মিহিরকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নেয়া হলে বাবা মো. মাহাবুর মোল্লা শিশুটিকে শনাক্ত করেন। খুলনার ডুমুরিয়ার নোয়াকাঠি থেকে রোববার সকালে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেন অপহরণকারী তোতা মিয়া। এ অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার।
শিশুটির পিতা মাহবুব মোল্লা জানান, তাদের আত্মীয় ময়না বেগমের সঙ্গে প্রাক্তন স্বামী তোতা মিয়ার (৩৫) দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু তোতা বিষয়টি মেনে নিতে পারেনি। দুই সপ্তাহ আগে ময়নার অন্যত্র দ্বিতীয় বিয়ে হয়। পরে তোতা শিশুটির বাবাকে ধর্মের ভাই ডেকে রাতে তার বাড়িতে আশ্রয় নেয়। সকালে শিশুটিকে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে পালিয়ে যায়। এরপর শিশুটিকে ফেরত দিতে তিন লাখ টাকা দাবি করে। ঘটনাটি পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অপহরণকারীর অবস্থান শনাক্ত করলে অপহরণকারী শিশুটিকে রাস্তার পাশে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যায়। রাজাপুর থানায় ওসি নজরুল ইসলাম জানান, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন