নজিরবিহীন তাপপ্রবাহে ‘পুড়ছে’ ইউরোপ, ভাঙছে রেকর্ড

নজিরবিহীন তাপপ্রবাহে ‘পুড়ছে’ ইউরোপ, ভাঙছে রেকর্ড

ফন্ট সাইজ:

ইউরোপে গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহের কারণে অতিরিক্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। রোববারও ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা নিবন্ধিত হয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ২১ জুন থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত ১৩০০টিরও বেশি অতিরিক্ত মৃত্যু নথিভুক্ত হয়েছে। তিনি লিখেছেন, তাপজনিত শারীরিক চাপকে প্রায়ই নীরব ঘাতক বলা হয়। ইউরোপের বাড়িঘর, কর্মস্থল এবং বিদ্যালয়গুলো এমন তাপমাত্রা মোকাবিলার জন্য নির্মিত হয়নি। রোববার সকালে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে দেশটিতে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত মৃত্যুর বড় অংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের। একই সময়ে বাড়িতে মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টেড্রোস সতর্ক করে বলেন, পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ হলো ইউরোপ। বৈশ্বিক গড়ের তুলনায় এটি প্রায় দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে ইউরোপজুড়ে লাখো মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে জীবনযাপন করছেন, শত শত মানুষ মারা গেছেন, বিদ্যালয় বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়েছে।

জার্মানিতে টানা তৃতীয় দিন ভাঙল তাপমাত্রার রেকর্ড

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার জার্মানিতে টানা তৃতীয় দিনের মতো দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পূর্বাঞ্চলীয় ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের পোল্যান্ড সীমান্তসংলগ্ন কোশেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে চেক প্রজাতন্ত্র টানা দ্বিতীয় দিনের মতো নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে। দেশটির আবহাওয়া সংস্থা সিএইচএমআই জানিয়েছে, রাজধানী প্রাগ-এর উত্তরের ডোকসানি এলাকায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে পোল্যান্ডও ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। দেশটির আবহাওয়া ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (আইএমজিডব্লিউ) এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, স্লুবিচে শহরে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন ডব্লিউএইচও প্রধান

টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, এই চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। তিনি সতর্ক করে বলেন, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে। তার ভাষায়, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় যে তাপপ্রবাহকে প্রজন্মে একবার দেখা যেত, এখন তা প্রায় বছরই ঘটছে। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বা তাপপ্রবাহ মোকাবিলা স্বাস্থ্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

চরম তাপপ্রবাহে কঠোর পদক্ষেপ

তাপজনিত অসুস্থতা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের জনপ্রিয় সংগীত উৎসব ডেফকন.১ নজিরবিহীন রেড কোড জারি হওয়ায় বাতিল করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে কর্তৃপক্ষ জনসমক্ষে বাইরে থেকে কেনা মদ পান নিষিদ্ধ করেছে এবং জরুরি সেবার ওপর চাপ কমাতে শহরের প্রাইড মিছিলও বাতিল করেছে। নিষেধাজ্ঞাটি স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে কার্যকর হয়। এটি ফ্রান্সের বিশ্বকাপ ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলার আগে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত বহাল ছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন