জীবিকার তাগিদ বা উন্নত জীবনের আশা, জ্ঞানান্বেষণ বা অন্যকারণে স্বেচ্ছায় দেশান্তরি বাংলাদেশিদের সঙ্গে সংযোগ তথা দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। শনিবার বিকেলে রাজধানীর কূটনৈতিক জোনখ্যাত গুলশানের অভিজাত এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অক্সফাম ইন বাংলাদেশের উদ্যোগে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি ডায়াসপোরা তাদের জ্ঞান, দক্ষতা, পরামর্শ, উদ্ভাবন, বিনিয়োগ সংযোগ, অ্যাডভোকেসি এবং পেশাগত অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।
যাচাইকৃত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে এসব অবদান রাখার সুযোগ থাকবে। অনুষ্ঠানে প্যানালিস্ট হিসেবে প্রদত্ত বক্তব্যেপররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী। তবে তাদের সম্পৃক্ত করতে আস্থা ও টেকসই সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি জানান, সরকারের বহুল প্রতীক্ষিত ডায়াসপোরা নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অনুমোদন পেতে পারে।
সচিব বলেন, অনেক প্রবাসী বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও আস্থার ঘাটতি, সরকারি সেবায় জটিলতা এবং প্রয়োজনীয় সহায়তার অভাবে তা বাস্তবায়ন করতে পারছেন না। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারি সেবার সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল এবং স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিদেশে বাংলাদেশি মিশনগুলোর মাধ্যমে আরও কার্যকর সহায়তা দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ বলেন, এই উদ্যোগ সরকারের ডায়াসপোরা সম্পৃক্তকরণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ ডায়াসপোরা নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, একবার কার্যকর সংযোগ স্থাপিত হলে এটি বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনতে পারে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বৃটেনের অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের বাংলাদেশ চ্যাপ্টারের চিফ এমপি আফসানা বেগম। তিনি বলেন, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক জরুরি পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবর্তনের সময় বাংলাদেশি প্রবাসীরা সবসময় দেশের পাশে থেকেছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্ম যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর কার্যকর মাধ্যম হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অক্সফাম এর কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে। তিনি বলেন, এটি শুধু অক্সফামের একটি প্রকল্প নয়। এটি একটি জাতীয় উদ্যোগ। এই প্ল্যাটফর্ম বাংলাদেশকে সহায়তা গ্রহণকারী দেশ থেকে জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবন প্রদানকারী দেশে রূপান্তরের বৈশ্বিক ধারণা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের মিশনপ্রধান ড. লরা টম-বন্ডে, ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন, ব্রিজ টু বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং কো-কোর্ডিনেটর আব্দুল আজিজ প্রমূখ।
এ সময় অক্সফাম বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান মো. শরিফুল ইসলাম প্ল্যাটফর্মটির ধারণা থেকে বাস্তবায়নের যাত্রা তুলে ধরেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক প্ল্যাটফর্মটির নকশা প্রণয়নে ব্যবহৃত গবেষণার মূল বিষয়গুলো উপস্থাপন করেন।
অক্সফাম জানায়, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরের গবেষণার ভিত্তিতে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এ সময় ১২টি দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বৈশ্বিক জরিপ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিশ্বের ১১টি ডায়াসপোরা প্ল্যাটফর্ম বিশ্লেষণ এবং বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এটি উন্নয়ন করা হয়েছে। ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্মে থাকবে যাচাইকৃত ব্যবহারকারী প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, মেন্টরশিপ, কমিউনিটি ফোরাম এবং অবদানের প্রভাব পর্যবেক্ষণের সুবিধা। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, স্থানীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন নেটওয়ার্ক দেশের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর সুযোগ পাবেন।
