সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা মধ্যাহ্নভোজ করেছেন। এসময় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রোববার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংসদ সচিবালয়ের কার্যক্রম প্রত্যক্ষ করতে আসেন। তাদের এই সফরকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তাদের মধ্যাহ্নভোজের আতিথেয়তা দেন।
মধ্যাহ্নভোজে ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, ‘সুরভীর (গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা) সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন মধ্যাহ্নভোজে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এসব শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন