সিলেট সিটির প্রশাসক হলেন কাইয়ূম চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল কাইয়ূম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। এরপর থেকে সাময়িকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেট জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ। এদিকে- সিলেট সিটি করপোরেশনের নবমনোনীত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন। পরিকল্পিত নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। প্রশাসকের নেতৃত্বে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করি। মিফতাহ্ সিদ্দিকী সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সফলতা কামনা করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন