মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান, ক্ষোভ উগড়ে দিলেন কোচ ও অধিনায়ক

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান, ক্ষোভ উগড়ে দিলেন কোচ ও অধিনায়ক

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং লজিস্টিক জটিলতার কারণে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইরান কোচ আমির ঘালেনোই। বসের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক মেহেদি তারেমিও। বিশ্বকাপে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন তারা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে ফুটবল মাঠে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার জন্য ইরান দলকে প্রতিবার মেক্সিকো থেকে যাতায়াত করতে হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আমির ঘালেনোই বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে চরম অন্যায় করেছে। তারা যদি আমাদের দুই সপ্তাহ আগে আসার অনুমতি দিত, তবে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ভালো অবস্থায় থাকতাম। তারা আমাদের সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।‘ তিনি আরও বলেন, ‘আমি ফিফাকে অনুরোধ করবো, ভবিষ্যতে কোনো বিশ্বকাপে আয়োজকরা যেন খেলোয়াড় ও দলগুলোর সাথে এমন আচরণ করতে না পারে।‘ মূলত, ম্যাচের পরেই ইরান দলকে আবার মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হচ্ছে, যা খেলোয়াড়দের রিকভারিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

মাঠের লড়াইয়েও ভাগ্য সহায় ছিল না ইরানের। যোগ করা সময়ে শোজা খলিলজাদেহের গোল অফসাইডের কারণে বাতিল হয়। অধিনায়ক মেহেদি তারেমি প্রথমার্ধে পেনাল্টি মিস করেন এবং তার একটি হেড বারে লেগে ফিরে আসে। টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনাকে ‘বিপর্যয়‘ আখ্যা দিয়ে তারেমি বলেন, ‘ফিফাকে এখানকার সব সমস্যার সমাধান করতে হবে। প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমাদের ড্রেসিংরুমে এসে বলেছিলেন এটা মাত্র শুরু। অথচ গ্রুপ পর্ব শেষ হতে চললো, আমাদের লজিস্টিক সাপোর্টের লোকেরাই এখানে আসতে পারেনি।‘

বিশ্বকাপে ইরানকে আসলেই স্বাগত জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারেমি। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘আমাদের সাহায্য করার কে আছে? তারা যদি চায় আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাই, তবে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু এটা মোটেও ফেয়ার না।‘

মাঠের বাইরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গ্যালারিতে কিছু সমর্থক ইরানের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দেয়। চরম প্রতিকূলতার মাঝেও ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। মেক্সিকোতে বসেই এখন তারা অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকবে। শেষ পর্যন্ত টিম মেল্লি নকআউটের টিকিট কাটতে পারবে কি না, তা জানা যাবে আগামীকালই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন