সাবেক উপনিবেশ শাসক ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

সাবেক উপনিবেশ শাসক ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ফন্ট সাইজ:

সাবেক উপনিবেশ শাসক ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। ২০২২ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন জান্তা সরকার ফ্রান্সের বিরুদ্ধে নব্য-ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে।

বুরকিনা ফাসোর জাতীয় টেলিভিশনে দেওয়া এক সরকারি বিবৃতিতে যোগাযোগ মন্ত্রী গিলবার্ট উয়েদ্রাওগো জানান, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘিত হওয়ায় এই সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ফ্রান্স বুরকিনা ফাসোর স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের ভেতর নাশকতামূলক নেটওয়ার্ক ও সাহেল অঞ্চলকে রক্তাক্ত করা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে। ইব্রাহিম ট্রাওরের সামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্সের সাথে দূরত্ব বজায় রেখে রাশিয়ার কাছাকাছি আসার নীতি গ্রহণ করেছে। এই বছরের জানুয়ারিতে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, যা দেশটির গণতন্ত্রের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে বুরকিনা ফাসো আল-কায়েদা ও ইসলামিক স্টেট সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার মুখোমুখি রয়েছে। তবে জান্তা সরকার জানিয়েছে, এই সম্পর্কচ্ছেদ কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বুরকিনা ফাসো ও ফ্রান্সের জনগণের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না এবং দেশটিতে থাকা ফরাসি নাগরিকদের আইনি সুরক্ষা বজায় থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন