জুলাইয়ে বাংলাদেশে আসছে ভারতের নতুন যাত্রীবাহী রেল কোচ

জুলাইয়ে বাংলাদেশে আসছে ভারতের নতুন যাত্রীবাহী রেল কোচ

ফন্ট সাইজ:

চব্বিশের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রথমবারের মতো যাত্রীবাহী রেল কোচ রপ্তানি পুনরায় শুরু করতে যাচ্ছে ভারত। আগামী জুলাই মাসেই ২০টির মতো ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি রেক বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

ভারতের রাষ্ট্রীয় রেলওয়ের রপ্তানি সংস্থা রাইটস (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ৯১৫ কোটি রুপি ব্যয়ের এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে রাইটস এ চুক্তি পায়।

এ খবর দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নতুন চুক্তির আওতায় প্রথম কোচ রেকটি আগামী জুলাই মাসে প্রস্তুত হবে। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে হস্তান্তর প্রক্রিয়ার প্রস্তুতিও চলছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে।

এর আগে ভারত বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে।

রাইটসের চুক্তির আওতায় শুধু কোচ সরবরাহই নয়, নকশাগত সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটিতে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা এবং পরবর্তী ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা রাখা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক রূপান্তরের কারণে প্রকল্পটির বাস্তবায়ন কিছুটা ধীর হয়ে পড়েছিল। তবে বর্তমানে প্রকল্পটি আবার স্বাভাবিক গতিতে এগোচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন