বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপ যেন কোনো জিগস পাজল। ছবিটা প্রায় তৈরি। কিন্তু শেষ টুকরোগুলো কোথায় বসবে সেটাই ঠিক করে দেবে চূড়ান্ত চিত্র। স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব হলো সেই শেষ কয়েক টুকরো। আর শেষ রাউন্ডই বলে দেবে কোন টুকরো কোথায় বসবে। নকআউটে কারা যাবে, কাদের স্বপ্ন ভাঙবে, গ্রুপসেরা হবে কোন দলÑ সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেষ রাউন্ডে। ৯০ মিনিটের সমীকরণ মেলাতে কাল ভোর ৬টায় মাঠে নামবে চার দল। গুয়াদালাহারার এস্তাদিও আকরনে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। আর হিউস্টনে নবাগত কেপ ভার্দে মুখোমুখি হবে সৌদি আরবের। আরেকটি বিশেষ কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ‘এইচ’ গ্রুপ। এখানে রানার্সআপ হওয়া দল নকআউটে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। সমীকরণের মারপ্যাঁচে মেসিদের প্রতিপক্ষ হতে পারে স্পেন কিংবা উরুগুয়ে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে স্পেন শীর্ষে। উরুগুয়ের বিপক্ষে জয় কিংবা ড্রয়ে আর্জেন্টিনাকে এড়ানো সম্ভব। কিন্তু হেরে গেলে আবার তৃতীয় স্থানে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে। উরুগুয়ের জন্য জয় ছাড়া অন্য ফল বিপজ্জনক। ইতিহাস উরুগুয়ের বিপক্ষে। স্পেনের বিপক্ষে ১০ ম্যাচেও কোনো জয় নেই। ৫ হারের সঙ্গে ৫ ড্র। শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে স্পেন। বিশ্বকাপে দুই দেখায় অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। আর স্প্যানিয়ার্ড ডিফেন্ডার অ্যামেরিক লাপোর্ত উরুগুয়েকে কঠিন প্রতিপক্ষ মানছেন। তিনি বলেন, ‘উরুগুয়ে আমাদের ওপর প্রচন্ড চাপ তৈরি করবে। কঠিন লড়াই হবে। তবে আমরা ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলে অভ্যস্ত। তাই নিজেদের দিনে যেকোনো দলকে আমরা হারাতে পারি।’
স্বপ্ন পূরণ হবে কেপ ভার্দের?
স্পেন, উরুগুয়ের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়া কেপ ভার্দের সামনে নতুন ইতিহাসের হাতছানি। সৌদি আরবকে হারাতে পারলেই তারা পৌঁছে যাবে নকআউটে। ড্রয়েও সুযোগ থাকবে। তবে সৌদির জয়ের বিকল্প নেই। পূর্ণ তিন পয়েন্ট পেলে দ্বিতীয় না হোক অন্তত তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাদের।
‘এইচ’ গ্রুপের সমীকরণ
স্পেন
৪ পয়েন্টের সুবাদে ‘এইচ’ গ্রুপে আপাতত শীর্ষে স্পেন। উরুগুয়ের বিপক্ষে জিতলেই সেরা দল হিসেবে নকআউটে পা রাখবেন লামিন ইয়ামালরা। ড্র করলেও পরের রাউন্ড নিশ্চিত স্পেনের। এমনকি ড্র করে স্পেনের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব যদি অন্য ম্যাচে কেপ ভার্দে না জেতে অথবা জিতলেও গোল ব্যবধানে স্পেনকে (+৪) টপকাতে না পারে। কেপ ভার্দের Ñ৪ গোল ব্যবধান থাকায় আপাত দৃষ্টিতে তা অসম্ভবই মনে হচ্ছে।
কিন্তু হেরে গেলে এবং অন্য ম্যাচে কেপ ভার্দে জিতলে সরাসরি নকআউটে যাওয়া হবে না স্পেনের। তৃতীয় দল হিসেবে অপেক্ষায় থাকতে হবে।
উরুগুয়ে
জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। ড্র করলে অন্য ম্যাচে কেপ ভার্দেও যদি ড্র করে তাহলে টাইব্রেক (এক্ষেত্রে মোট গোল স্কোর, ফেয়ার প্লে স্কোর, ফিফা র্যাংকিং) জিতে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
কেপ ভার্দে
দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকায় সৌদি আরবকে হারালেই নিশ্চিত নকআউট।
ড্র করলেও যাওয়া সম্ভব যদি উরুগুয়ে হারে। অথবা উরুগুয়েও ড্র করে কিন্তু টাইব্রেকে (এক্ষেত্রে মোট গোল স্কোর, ফেয়ার প্লে স্কোর, ফিফা র্যাংকিং) কেপ ভার্দে এগিয়ে থাকে।
সৌদি আরব
কেপ ভার্দের বিপক্ষে শুধু জয় যথেষ্ট নয় সৌদি আরবের। অন্য ম্যাচে উরুগুয়েকে অবশ্যই হারতে হবে নয়তো ড্র করতে হবে। ড্র করলে আসর থেকে ছিটকে যাবে সৌদি।
নকআউটে প্রতিপক্ষ: ‘এইচ’ গ্রুপে উইনার খেলবে ‘জে’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে (আলজেরিয়া অথবা অস্ট্রিয়া)। অন্যদিকে ‘এইচ’ গ্রুপের রানার্সআপকে লড়তে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
