এক ম্যাচ বাকি থাকতেই ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিতের পর শনিবার জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এশিয়ার দেশটির বিপক্ষে একটি বিকল্প একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করেছেন আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। নিয়মিত একাদশের মাত্র দু’জন এমিলোয়ানো মার্টিনেজ ও লিওনেল মেসিকে দেখা যেতে পারে মাঠে। আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে এখনো সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে এক মিনিটও খেলেননি। জর্ডানের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের জন্য বিশ্বকাপ অভিষেকের মঞ্চ।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক টিওয়াইসি স্পোর্টসের সূত্রমতে, ডান হাতের অনামিকা আঙুলের ফ্র্যাকচার থেকে পুরোপুরি সুস্থ হওয়া এবং গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ক্লিনসিট ধরে রাখা অ্যাস্টন ভিলা গোলরক্ষক (দিবু) এই ম্যাচে খেলতে চান এবং বিষয়টি নিয়ে কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলবেন তিনি।
তাঁর শুরুর একাদশে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্য দিকে জর্ডানের বিপক্ষে মেসিরও কিছু সময় খেলার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত পরিশ্রম এড়াতে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি বেঞ্চে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামবেনÑতা এখনও নিশ্চিত নয়। তবে একটি বিষয় নিশ্চিত যে, যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন ৫টি গোল করা এই ‘নম্বর ১০’-এর খেলা উপভোগ করতে পারবেন। প্রতিবেদন বলছে, জর্ডানের বিপক্ষে ম্যাচে ৭ ফুটবলারের অভিষেক করাতে পারেন স্কালোনি। মিডফিল্ডেও চোখ থাকবে দুই ফুটবলারের দিকে। জিওভানি লো সেলসো দীর্ঘদিন ধরে স্কালোনির অন্যতম ভরসার নাম। কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী এই মিডফিল্ডার চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও খেলেননি। ফলে এখনো বিশ্বকাপে তার অভিষেক হয়নি। আরেকটি নাম ভ্যালেন্তিন বার্কো। স্ট্রাসবুর্গে দুর্দান্ত মৌসুম কাটিয়ে চেলসিতে নাম লেখানো তরুণ এই মিডফিল্ডার প্রীতি ম্যাচগুলোতে নজর কেড়েছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলও করেছিলেন।
জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল। তরুণদের তালিকায় আছেন জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেসও। আর্জেন্টিনার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করা এই দুজন এখনো বিশ্বকাপের মঞ্চে পা রাখেননি। তবে জুলিয়ান আলভারেজের উপস্থিতির কারণে সিমিওনের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হতে পারে। স্কালোনি কাতার বিশ্বকাপেও একই কৌশল নিয়েছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছুটা ঝুঁকিমুক্ত থাকায় হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদাকে বিশ্বকাপ অভিষেকের সুযোগ দিয়েছিলেন। এবারও জর্ডানের বিপক্ষে সেই পথেই হাঁট্তে পারেন আর্জেন্টাইন কোচ।
