স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আর এই জয়ের মূল নায়ক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মায়ামিতে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ কার্লো আনচেলোত্তির এক মজার প্রতিশ্রুতির কথা ফাঁস করেছেন এই সেলেসাও ফরোয়ার্ড। ম্যাচে দুর্দান্ত এক হেডে গোল করার পর আনচেলোত্তিকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন ভিনি।
ব্রাজিলের জার্সি গায়ে এটিই ছিল তার প্রথম হেডে গোল। একগাল হাসি নিয়ে ভিনি বলেন, ‘আনচেলোত্তির কাছে এখন আমার একটা উপহার পাওনা। আমি বসকে কথা দিয়েছিলাম যে একটা হেডে গোল করব। তিনি বলেছিলেন এটা অসম্ভব এবং যদি পারি তবে তিনি আমাকে একটা উপহার দেবেন। আমি এখন সেই উপহারের অপেক্ষায় আছি।’ ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির নির্দেশে তার একটি গোল বাতিল হয়ে যায়। এ নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করে ভিনি বলেন, “গোলটা বাতিল হওয়ায় খারাপ লাগছে, নাহলে টুর্নামেন্টে আমার ৩টি গোল (হ্যাটট্রিক) হয়ে যেত। জাতীয় দলের হয়ে কখনো হ্যাটট্রিক করা হয়নি আমার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয় আমাদের দল যেভাবে উন্নতি করছে। কারণ পরের পর্বটা শুরু হতে যাচ্ছে। এটা ‘ডু অর ডাই’ লড়াই হতে যাচ্ছে- যেখানে ছেলেদের দারুণ পারফর্ম করতে হবে এবং ব্রাজিলকে একদম শীর্ষে নিয়ে যাওয়ার জন্য উন্নতি বজায় রাখতে হবে।” ইতালিয়ান অভিজ্ঞ কোচ আনচেলত্তির অধীনে ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সের বেশ উন্নতি হয়েছে। গ্রুপ পর্বের শুরুর ধাক্কা সামলে দল এখন ছন্দ ফিরে পেয়েছে।
নকআউট পর্বের চ্যালেঞ্জ নিয়ে ভিনি বলেন, ‘মরক্কোর সঙ্গে ড্র করার পর আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা আমাদের সেরা খেলাটা খেলেছি। আনচেলোত্তির অধীনে ছেলেদের আরও উন্নতি করতে হবে, কারণ এখন আমরা নকআউট পর্বে। এখানে সামান্য ভুলও করা যাবে না।’ এই জোড়া গোলে দারুণ এক কীর্তিও গড়েছেন ভিনি। ২০০২-এর পর প্রথম এবং স্রেফ পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করলেন এ তারকা ফরোয়ার্ড। এই কীর্তি আছে জাইরজিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো নাজারিও এবং রিভালদোর (দুজনেই ২০০২)।
