বিশিষ্ট গবেষক, সাহিত্য সংগঠক, গল্পকার সেলিম আউয়াল সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’-এ মনোনীত হয়েছেন। সিলেটের জেলা কালচারাল অফিসার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
লেখক-সাংবাদিক সেলিম আউয়ালের জন্ম সিলেটে ১৯৬৪-এর ১০ জানুয়ারি। তিনি বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যুরো প্রধান, দৈনিক সুরমা মেইল-এর প্রধান সম্পাদক, প্রাচীন সাহিত্য সাময়িকী মাসিক আল ইসলাহ (প্রথম প্রকাশ ১৯৩২)-এর সাবেক সম্পাদক। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (প্রতিষ্ঠা ১৯৩৬), সিলেট-এর সাধারণ সম্পাদক। বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস সমিতি-ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইতিহাস পরিষদ-ঢাকা বিশ্ববিদ্যালয় এর জীবন সদস্য সেলিম আউয়াল ১৪টি গ্রন্থের রচয়িতা। তিনি সিলেটের সাংবাদিকতা বিষয়ে গবেষণাকর্মের জন্যে সিলেট প্রেস ক্লাব কর্তক ২০১৮-২০১৯ সেশনে ফেলোশিপ লাভ করেন। এর আগে তিনি ডা. এ. রসুল সাহিত্য পুরস্কার, আলোর অন্বেষণ সাহিত্য পুরস্কার লাভ করেন।
