জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে আগের সিরিজ মিস করা লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান।
পেস আক্রমণ সাজানো হয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে রয়েছেন দ্রুতগতির পেসার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
আগামী ৬, ৯ ও ১১ই জুলাই হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে ম্যাচ। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে টেস্ট দ্বৈরথ দিয়ে। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ২রা জুলাই। টেস্টের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
