লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকারের সহায়তায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সেগুনবাগিচা।
