রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই নিন্দা জানান। সম্পাদক পরিষদ বলছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
বিবৃতিতে সম্পাদক পরিষদ আরও জানায়, ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। সম্পাদক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
