সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা এবং হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ নামে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গউছ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন।
তিনি জানান, মামলার ১২ জন আসামির মধ্যে ৯ জনকে খালাস দেয়া হয়েছে। এর মধ্যে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। অপর এক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হামলায় স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হন।
