কোটবাজারে প্রকাশ্যে ২৪ হাজার ইয়াবা ছিনতাই

ফন্ট সাইজ:

উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজারে প্রকাশ্যে বিপুল পরিমাণ ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে কোটবাজারের চৌধুরীপাড়া রাস্তার মাথায় এম.আর কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সকালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ইয়াবা বহন করছিল। এম.আর কনভেনশন হলের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। পরে আনুমানিক ২৪ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত হিসেবে চৌধুরীপাড়া এলাকার নুরু সওদাগরের ছেলে জসিম উদ্দিন, মোক্তার আহাম্মদের ছেলে আবছার উদ্দিন এবং আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ দিদারের নাম স্থানীয়ভাবে জানা গেছে। তবে মূল পাচারকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্রের দাবি, উদ্ধার না হওয়া ইয়াবার মালিক মরিচ্যা এলাকার বাসিন্দা মোহাম্মদ জালাল, যার বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সংশ্লিষ্ট যারাই থাকুক, তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, প্রকাশ্যে এ ধরনের ঘটনা মাদক সিন্ডিকেটের সক্রিয়তারই ইঙ্গিত বহন করছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন